ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে ঢেলে সাজাতে হবে : প্রধান বিচারপতি

ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা উল্লেখ করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ইতিহাসের অভিজ্ঞতার আলোকে ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালনা করতে হবে।  সেইসাথে এটিই দেশকে ঢেলে সাজানোর একটি দুর্লভ ও সুবর্ণ সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।


শুক্রবার (২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস পরিষদের দুইদিন ব্যাপী ১৪তম দ্বি-বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন ও সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশে গণমানুষের যে আশা-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়ন করতে না পারলে জাতি হিসেবে পিছিয়ে পড়বো আমরা। 


এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। 


অনুষ্ঠানে ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগের প্রতি জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে সংস্কারের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টরা এর সুফল পেতে শুরু করেছেন ইতোমধ্যেই।   


উচ্চ আদালতে বিচারক নিয়োগে অধ্যাদেশ প্রণীত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অধ্যাদেশের বিধান অনুসারে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সুপ্রিম জুডিশিয়াল এপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া উচ্চ আদালতে বিচারক অপসারণে পুনরুজ্জীবিত করা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। 


তিনি আরো বলেন, ইতিহাস যে কোন জাতির আত্মপরিচয়ের ধারক। ইতিহাস শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে আছে সংগ্রহশালায়, দলিলে, পুরাতাত্ত্বিক নিদর্শনে, স্থাপত্যে এবং বিভিন্ন গ্রন্থে ও স্মারকে।ইতিহাসের মূল্যবান উপকরণ সংরক্ষণ শুধু ইতিহাসবিদদের কাজ নয়, এটি আমাদের নাগরিকদেরও দায়িত্ব। 


বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। 


এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল বাছির। অনুষ্ঠানটি সঞ্চালন করেন যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. এ কে এম খাদেমুল হক।

ads
ads
ads

Our Facebook Page

↑